সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২১:৩২
চৌদ্দগ্রামে অস্ত্র ও মাদকসহ ৭ ডাকাত আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র ও মাদকসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার গুণবতী বাজারস্থ কবির আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘেরাও করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো; গুণবতী ইউনিয়নের দশবাহারের রাসেল, মানিক সুত্রধর, খাটরার সেলিম, গুণবতীর আনোয়ার হোসেন, আলকরা ইউনিয়নের বধুরার শাহজাহান সাজু, লক্ষ্মীপুরের সামছুল ইসলাম রিপন ও নুরুল আলম সবুজ। এসময় তাদের কাছ থেকে একটি গ্রিল কাটার যন্ত্র, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি চাকু, ২১ বোতল ফেনসিডিল ও ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে পৃথক দুটি মামলা শেষে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
সিরাজদিখান প্রেসক্লাবের নতুন কমিটি
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা \ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে গত শনিবার। সকাল ১১টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে সামসুজ্জামান পনির (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাহমুদ হাসান মুকুট (আমার দেশ) নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন: সহ-সভাপতি কে এন ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোছাইন ইকু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আসলাম মোল্লা, প্রচার ও যোগাযোগ সম্পাদক নূর হোসেন, দপ্তর ও পাঠাগার সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উম্মে হাবিবা বিনতে আব্দুল্লাহ ও সমাজ কল্যাণ সম্পাদক সেলিনা ইসলাম রুপা। কার্যকরী সদস্য শেখ আব্দুর রহমান রানা, মেহেদী হাসান, ইব্রাহিম হাওলাদার, রুহুল আমিন ও রিফাত হাসান শাহেদ।
তালায় দিনব্যাপী ডিজিটাল মেলা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকালে তালা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী “ডিজিটাল মেলা” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।
ওসমানীনগরে জামায়াতের সেক্রেটারী গ্রেফতার
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা \ সিলেটের ওসমানীনগরে জামায়াতের সেক্রেটারী আনহার আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ তিনি থানার গদিয়াছর গ্রামের হাজি আবুছ মিয়ার পুত্র। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে থানা পুলিশ থাকে গ্রেফতার করে। সিলেট কোতয়ালী থানার জি আর ৩২৭ /২০১২ সালের মামলার পলাতক আসামি ছিলেন। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, থানার ওসি জুবের আহমদ।
জাপানী অর্থায়নে ধামরাইয়ে ফারমারস ট্রেনিং সেন্টার
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ জাপানী অর্থায়নে এসডিআই-এর সহযোগিতায় ধামরাইয়ের সূতিপাড়ায় একটি অত্যাধুনিক ফারমারস ট্রেনিং সেন্টার নির্মিত হতে যাচ্ছে। বিষমুক্ত কৃষিপণ্য উত্পাদন, মত্স্য চাষ, গবাদিপশু পালনের ক্ষেত্রে কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি বাস্তবায়নের জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক সেন্টারটি নির্মিত হতে যাচ্ছে। গত শনিবার সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই-এর নির্বাহী পরিচালক সামছুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটি উদ্বোধন করেন এসডিআই-এর চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর মোঃ আবুল হোসেন পি.এইচ.ডি।
কিশোরগঞ্জে খাদ্যদ্রব্যে বিষাক্ত দ্রব্য মেশানো বন্ধের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ খাদ্যদ্রব্যে ফরমালিন, কার্বাইডসহ বিষাক্ত রাসায়নিক দ্রব্য সংমিশ্রণ বন্ধের দাবিতে সামাজিক সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গতকাল রবিবার শহরের কালীবাড়ি সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে অসাধু ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক প্রদীপ কুমার বর্মণ, সদস্য সচিব শিল্পী আবুল হাশেম, ডা. অজিত বসাক, সাংবাদিক কাউসার আহমদ টিটু, সাংবাদিক এ কে এম ইউনুছ, ফাইজুল ইসলাম রিপন, শাহ মো. ফয়সাল প্রমুখ।
গলাচিপায় ব্যাংক ডাকাতি চেষ্টার আসামি রিমাণ্ডে
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপায় গ্রিল কেটে পূবালী ব্যাংক ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তারকৃত ডাকাত দলের দুই সদস্য সুমন শেখ (৪০) ও নজরুল ইসলামের (২৬) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাতদিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার রাতে গ্রিল কেটে পূবালী ব্যাংক ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। অপর দুই ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ধৃত ডাকাতদের গ্রেফতার করে। পূবালী ব্যাংক গলাচিপা শাখার ম্যানেজার জাকির হোসাইন শনিবার গলাচিপা থানায় মামলা দায়ের করেন।
আটোয়ারীতে প্রেসক্লাবের কমিটি গঠন
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, ইতিমধ্যে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে জিল্লুর হোসেন সরকারকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মোঃ নজরুল ইসলাম দুলালকে যুগ্ম আহবায়ক এবং মোঃ হাসিবুর রহমানকে সদস্য নির্বাচিত করা হয়। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ৩ মাসের মধ্যে একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য আহবায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।
নালিতাবাড়ীতে বীজমান উদ্বুদ্ধকরণ কর্মশালা
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে বীজ প্রত্যয়ন এজেন্সীর সহযোগিতায় ‘বীজমান পরীক্ষণ উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ দিনব্যপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফ ইকবালের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন, বীজ প্রত্যয়ন এজেন্সী ফিল্ড কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসম আরা আসম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান নুর রহমান প্রমুখ।
মির্জাপুরে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবলীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি’র দলীয় কার্যালয়ে এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী অলিদ ইসলাম। মির্জাপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহিন আলমের সভাপতিত্বে এ কর্মীসভায় বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউর রহমান চঞ্চল, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব, যুবলীগ নেতা লাবন ও সজিব হোসেন প্রমুখ।
দিনাজপুরে ২৫০ বোতল ফেন্সিডিল জব্দ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর কোতয়ালী থানা গতকাল রবিবার সকালে কোতয়ালী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রানীগঞ্জ এলাকার জিঞ্জিরা গ্রামের পুরাতন ভবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
নোয়াখালীতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি
নোয়াখালী প্রতিনিধি \ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দীর্ঘ ছয় বছর পরও পদবী ও বেতন স্কেল পরিবর্তন না করার প্রতিবাদে এবং তা দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল রবিবার নোয়াখালী জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করে এবং জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কালেকটরেট সহকারী সমিতির ব্যানারে সমিতির সভাপতি সামছুউদ্দিন মো. বেলালের সভাপতিত্বে এক সমাবেশে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে, লুত্ফুর রহমান, হাবিবউল্লা, আশীষ কুমার দাস, পিংকু কুমার পাল ও জসিমউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা\ কুলাউড়া-মৌলভীবাজার সড়কে গতকাল রবিবার দুপুরে উপজেলার কাছুরকাপন এলাকায় আমেনা কমিউনিটি সেন্টারের কাছে মৌলভীবাজার থেকে কুলাউড়া অভিমুখে আসার পথে যাত্রীবোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-৮৭৩১) বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংগে (ট্রাকের নাম্বার জানা যায়নি) মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে অটোরিকশার ৫ যাত্রী মারাত্মকভাবে আহত হন। আহত ঝিনাইদহের আব্দুল হামিদ (৩৮). কুষ্টিয়ার ইমরান আহমদ (৪০), মৌলভীবাজারের উজ্জল মিয়া (২৮), জুড়ির আব্দুল কুদ্দুছ মিয়া (৩৫) ও শ্রীমংগলের শ্যামলী এলাকার সৈয়দ মুন্তাজির রিমনকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পর ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে। আহত যাত্রী সৈয়দ মুন্তাজির মিয়া জানান, অটোরিকশার চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
কুষ্টিয়ার মিরপুরে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ওসমান গণী, আব্দুল আলীম ও চম্পা খাতুন নামের ৩ চাকরি প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে উপজেলার নিমতলা বাজারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে চাকরি প্রার্থী ওসমান গণী তার লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ছাতিয়ান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস ও প্রধান শিক্ষক আব্দুর রশীদ চৌধুরী তাদের মনোনীত প্রার্থী মিল্টন হোসেনের নিকট থেকে পূর্বেই ৬ লক্ষ টাকা নিয়ে পছন্দের প্রার্থী মিল্টনকে পরীক্ষার আগেই প্রশ্নপত্র প্রদান করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সংবাদ সম্মেলনের পরে অভিযোগকারী ৩ প্রার্থী লিখিত অনুলিপি সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করে অর্থের বিনিময়ে প্রহসনের নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনঃনিয়োগ পরীক্ষা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতার উপর হামলা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী সন্ত্রাসী আমির্যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিওিতে পুলিশ গত শনিবার রাত ১০টায় যুবলীগ নামধারী সন্ত্রাসী আমির হোসেন প্রকাশ আমির্যাকে সীতাকুণ্ড পৌরসভাস্থ বাজার(সদর) থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত ৫ জুন আমির্যা পন্থিছিলা এলাকার ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিনের উপর হামলা এবং পরদিন তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুরুতর যখম করলে সীতাকুণ্ড থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরসহ তার বিরুদ্ধে সাংবাদিকের উপর হামলা, মদ বিক্রি,স্থানীয় বাজারে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ ও থানায় মামলা রয়েছে। এব্যাপারে স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এম.পি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাঁদাবাজ ও অশ্লীল কাজের সাথে লিপ্ত কোন ব্যক্তি আমার মূল দলসহ আওয়ামী লীগের কোন অঙ্গসংগঠনের নেতা বা কর্মী হতে পারে না।
তালায় দিনব্যাপী ডিজিটাল মেলা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকালে তালা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী “ডিজিটাল মেলা” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।
মুন্সীগঞ্জে ইয়াবা ও চোরাই মদসহ গ্রেফতার ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার সকালে মুন্সীগঞ্জের সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ১৭৯ পিস ইয়াবা ও ৫৬ লিটার চোরাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জের মনির হোসেন (৩২), নয়াগাঁওয়ের শাহিন ( ৪০) এবং গজারিয়া উপজেলার কবির আহম্মেদ (৪০)। সদর থানার ডিউটি অফিসার এএসআই শাহাজুল আলম এসব তথ্য দিয়ে জানান, সকালে গ্রেফতারকৃতরা ৩৬ লিটার চোরাই মদ আধা লিটারের ৭২ বোতলে এবং বাকি ২০ লিটার পলিথিনের প্যাকেটে করে বস্তায় ভরে ট্রলারে তোলার সময় হাতে-নাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
কুমিল্লায় পৌনে ২ কোটি টাকার মাদক ও শাড়ী আটক
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় মাদক, শাড়ী ও অন্য মালামাল আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ভোর রাতে জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক, শাড়ী ও মালামাল আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র একাধিক টিম গতকাল রবিবার ভোর রাতে জেলার ভারত সীমান্তবর্তী এলাকার নির্ভয়পুর, বীরচন্দ্রনগর, তালতলা, গোলাবাড়ী এলাকাসহ জেলার চান্দিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী ও শার্টের কাপড় বোঝাই একটি কাভার্ডভ্যান, হুইস্কি, জট গাঁজা, থ্রি-পিসসহ অন্যান্য মালামাল আটক করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত মাদক, শাড়ী ও মালামালের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৭৩০ টাকা ।