নিয়মিত তালিকায় সওজের ১২০ জন ওয়ার্কচার্জড কর্মচারী বাদ
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২১:৪৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে ১২০ ওয়ার্কচার্জড কর্মচারী নিয়মিতকরণের তালিকা থেকে বাদ পড়েছেন। মোটা অংকের টাকার বিনিময়ে প্রকৃত কর্মচারীর স্থলে ওই তালিকায় শতাধিক ভুয়া কর্মচারীর নাম একটি জালিয়াতচক্র অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ করেছেন বাদ পড়া কর্মচারীরা।
দীর্ঘ ২৫/৩০ বছর ওয়ার্কচার্জড পদে কাজ করার পরও নিয়মিত তালিকা থেকে বাদপড়া ১২০ কর্মচারীর মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অচিরেই তাদের নাম নিয়মিত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জ জেলা সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এস.এম মশিউর রহমান বলেন, আমিসহ গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারী তমিজউদ্দিন তালুকদার, গোলাম কিবরিয়া ও মোঃ রমজান আলীর নাম নিয়মিতকরণের তালিকা থেকে বাদ পড়েছে। আমরা এ ব্যাপারে প্রতিকার চেয়ে আবেদন করলেও তা প্রধান প্রকৌশলী আমলে নিচ্ছেন না। আমরা আমাদের ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।
গোপালগঞ্জ সওজের বাদপড়া ওয়ার্কচার্জড কর্মচারী তমিজউদ্দিন তালুকদার বলেন, একটি জালিয়াতচক্র মোটা অংকের টাকার বিনিময়ে প্রকৃত কর্মচারীদের বাদ দিয়ে ভুয়া নাম অন্তর্ভুক্ত করেছে। সওজের প্রতিটি সর্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা ওয়ার্কচার্জডকরণের দপ্তর আদেশ প্রদান করেন। এ আদেশগুলো যাচাই-বাছাই করলেই প্রকৃত ও ভুয়া কর্মচারীদের নাম বেড়িয়ে আসবে।
গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সমীরন রায় বলেন, নিয়মিতকরণের তালিকা থেকে গোপালগঞ্জের ৪ জন ওয়ার্কচার্জড কর্মচারী বাদ পড়েছেন। এরা প্রকৃত কর্মচারী ও ২৫/৩০ বছর ধরে গোপালগঞ্জে কর্মরত রয়েছে। এদের নাম বাদ পড়ায় আমি অবাক হয়েছি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম রাজ খান বলেন, এ ব্যাপারে বাদপড়া কর্মচারীরা আমার কাছে অভিযোগ করেছে। এখন নিয়মিতকরণের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত কর্মচারীদের নাম তালিকায় আন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভুয়াদের নাম বাদ দেয়া হবে।