আবারও সাকিব!

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়ে এসেছেন। জাতীয় দলের হয়ে মাঠে নেমেই ফিফটি করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে ইতিবাচক একটি লেখা হতেই পারতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি, আবারও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে আলোচনায় এলেন সাকিব। এবার আন্তর্জাতিক ম্যাচ চলাকালে হাত তুললেন দর্শকের গায়ে। অন্তত তেমনটাই জানালেন প্রত্যক্ষদর্শী একাধিক দর্শক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা। ঘটনার সূত্রপাত বৃষ্টিতে ম্যাচ থেমে থাকা অবস্থায়। এই সময় গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা কয়েকজন দর্শক বৃষ্টির হাত থেকে বাঁচতে বিসিবি অফিসের বারান্দায় চলে যান। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন সাকিবের স্ত্রী শিশির ও স্পিনারটিরই কয়েকজন বন্ধু। সেখানে দর্শকদের ভেতর থেকে একজন সাকিবের স্ত্রীকে উদ্দেশ্য করে কিছু অশালীন ইঙ্গিত করেন। পরে সাকিবের বন্ধুদের সঙ্গে ওই দর্শকের বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাকিব খবর পেয়ে ড্রেসিংরুম থেকে ছুটে এসে দর্শকের গায়ে হাত তোলেন। এক দর্শক বলছিলেন, ‘ওই দর্শক বারবার সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু সাকিব ভাই খুব মেরেছে তাকে।’ ঘটনার সত্যতা স্বীকার করলেন দুই বিসিবি কর্মকর্তা। একজন জানালেন, তারা ব্যাপারটা আমলে নিয়েছেন এবং উচ্চ পর্যায়ে জানিয়েছেন। আরেকজন বললেন, ‘আমরা আসলে খবর পেয়ে ছুটে গেছি। আমরা মারপিটটা দেখিনি। তবে সাকিব ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে যে উত্তেজনা দেখিয়েছে, তাতে আমরা বিস্মিত।’