মেক্সিকোর সামনে নির্ভার নেইমার
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:২৮
‘নেইমার এখনও তরুণ। এই বয়সেই এতো দায়িত্ব দিয়ে দেয়া ওর জন্য অনেক চাপের।’ — ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচের দিনে গ্যারি লিনেকারকে কথাগুলো বলছিলেন পেলে। নেইমারের কানে সেসব গিয়েছিল কিনা জানা যায়নি। তবে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স দিয়ে তিনি নিজের জন্য আরো চাপ বয়ে এনেছেন।
মেক্সিকোর বিরুদ্ধে পরবর্তী খেলাটির প্রাক্কালে তার এই চাপ বাড়বে বৈ কমবে না। ব্রাজিল আগামীকাল মঙ্গলবার মেক্সিকোর বিরুদ্ধে লড়বে নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে। এতে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে স্বাগতিকদের। গত বছরের কনফেডারেশন্স কাপেও নেইমার প্রথম ম্যাচেই দুই গোল করে হাঁটছেন অমরত্বের পথে। বিশ্বের গণমাধ্যমগুলোর অনেকে তো তাকে পেলের উপরই স্থান দিয়ে ফেলেছেন। এতো কিছুর পরও নেইমার আছেন নির্ভার। অন্য কিছু নয়, ভাবনাগুলো এখনও ফুটবল কেন্দ্রিক।
শুধু নেইমার নয়, গোটা ব্রাজিলের চিত্রটাও এমনই। তবে, ব্রাজিলের স্বস্তিতাই অন্যদের জন্য হয়ে যেতে পারে হতাশার। সেজন্যই কিনা নেইমারের জল ঘোলার চেষ্টা হচ্ছে নেইমারের হলুদ কার্ড পাওয়া নিয়ে। অনেকে বলছেন, মড্রিচের মুখে আঘাত করায় লাল কার্ডই পাওয়া উচিত ছিল নেইমারের।
তবে, লাল কার্ড না পেলেও আগামীকাল মেক্সিকোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পেয়ে গেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন নেইমার। তবে, এসব ব্যাপার নিয়ে মোটেই ভাবছেন না নেইমার। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মোটেই চিন্তিত নই। ঘটনাটা যা ঘটেছে সেটা মোটেই আমি চাইনি। ওটা খেলারই অংশ ছিল। এরপর থেকে আমি আবার নিজের স্বাভাবিক খেলায় ফিরে এসেছি। এখন ওসব নিয়ে ভাবতে চাই না একেবারেই। এসব নিয়ে যত কম ভাবা যায় ততই ভাল।’
গত বিশ্বকাপের আগেও গ্রুপ পর্বে পাওয়া কার্ডের হিসাব থাকতো না দ্বিতীয় রাউন্ডে। কিন্তু চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ দিয়েই বদলে যায় নিয়ম। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দুটি হলুদ কার্ড পেলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন যে কেউ। শেষ ষোলর লড়াইয়ে ব্রাজিলের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের লড়াই হবার জোর সম্ভাবনা আছে! সেদিক বিবেচনায় গ্রুপ পর্যায়ে বাকি দুটি ম্যাচের কোনটিতে বসিয়ে রাখা হতে পারে নেইমারকে।
এই প্রসঙ্গে নেইমারের সতীর্থ অস্কার বলেন, ‘ও এমন একজন খেলোয়াড় যাকে আটকাতে প্রতিপক্ষের খেলোয়াড়রা লাল কার্ড পায়। তাই ওকে আরেকটা লাল কার্ড পেতে দেখাটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা হবে। তাই ওকে নিয়ে আমরা নির্ভার আছি। আর সবাই জানে যে, ও ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। তাই আমরা সবাই চাই ও খেলুক।’
ব্রাজিলের জন্য তারকা খেলোয়াড়ের কার্ড দেখায় নিষিদ্ধ হওয়াটা নতুন কোন ঘটনা নয়। ২০০২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে সেমিফাইনাল খেলা হয়নি রোনালদিনহো। এবার প্রথম ম্যাচেই হলুদ কার্ড দেখে ফেলায় নেইমারের ক্ষেত্রেও ঘটতে পারে এমন ঘটনা।
বার্সেলোনার ২২ বছর বয়সী স্ট্রাইকারের জন্য অবশ্য হলুদ কার্ড দেখা নতুন কোন ঘটনা নয়। ৫০টি আন্তর্জাতিক ম্যাচে নয়বার তিনি সতর্কবাণী পেয়েছেন রেফারির কাছ থেকে। কিন্তু সংখ্যাটা দুই অংকের ঘরে পৌঁছে গেলেই তো বিপদের সামনে পড়ে যেতে পারে ব্রাজিল!