‘নিউ কিডে’ ঘুচলো ফ্যালকাওর শূন্যস্থান
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:২৯
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের অনুপস্থিতি মোটেই বুঝতে দিলেন না জেমস রড্রিগুয়েজ। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি একটি গোলও আসে ‘দ্য নিউ কিড’ ডাকনামের এই তারকার কাছ থেকে। গ্রুপ-সি’র প্রথম ম্যাচে শনিবার গ্রীসকে ৩-০ গোলে পরাজিত করেছে তার দল। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ফুল ব্যাক পাবলো আরমেরো কলোম্বিয়ানদের এগিয়ে দেন। এরপর ৫৮ মিনিটে টেওফিলো গুটিরেজের গোলে কলোম্বিয়ার জয় অনেকটাই নিশ্চিত হয়। এটি ছিল অভিজ্ঞ এই ফরোয়ার্ডের দেশের পক্ষে ১৩তম গোল। পুরো ম্যাচে দলের আক্রমনে নেতৃত্ব দিলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলেন না রড্রিগুয়েজ। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ঘোচে তার আক্ষেপ। বাম পায়ের জোড়ালো শটে তৃতীয় গোল করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় কলম্বিয়ার। কিংবদন্তী খেলোয়াড় কার্লোস ভালদেরামা কলোম্বিয়ানদের কাছে ‘দ্য কিড’ হিসেবে পরিচিত ছিলেন। আর তারই যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচিত রডরিগুয়েজকে ‘নিউ কিড’ হিসেবে সম্বোধন করে থাকে সতীর্থরা।