চিতলমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় স্থানীয় বড়বাড়িয়া বাজারের ৫টি দোকান ভাংচুর করা হয়। আহতদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিতলমারী থানা পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে আওয়ামী লীগের খসরু আহম্মেদ ও মোস্তাক উকিল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে রবিবার উভয় গ্রুপের মধ্যে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর ১২টার দিকে দুই গ্রুপের লোকজন স্থানীয় বড়বাড়িয়া বাজারে লাঠি-সোঁটা ও ঢাল-সড়কি নিয়ে মহড়া দেয়। এর কিছুক্ষণের মধ্যে ঊভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের খবর পেয়ে বাগেরহাটের সহকারী পুলিশ সুপার, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে যান।