প্রেমে বাধা দেয়ায় প্রেমিকার ভাইকে গলা কেটে হত্যা
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:৩৮
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বোনের প্রেমে বাধা দেয়ার জের ধরে ভাই শান্ত লালকে (১৮) গলা কেটে হত্যা করেছে প্রেমিক। গত শনিবার পুলিশ তার লাশটি উদ্ধার করেছে। শান্ত আশুলিয়ার কাঠগড়াস্থ এলাকায় তার নানার বাড়িতে থেকে সুইপারের কাজ করতেন।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শান্ত বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখ্ুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে আশুলিয়ার কাঠগড়া দোকাটি এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে তার লাশ দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বাবা মিন্টু লাল জানায়, বেশ কিছুদিন আগে তার মেয়ে শারথি রাণী লালের সঙ্গে এলাকার রাত নামের এক মুসলমান ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে রাতকে নিষেধ করে শান্ত এবং একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি জানান।
আশুলিয়া থানার সহকারি পুলিশ সুপার জানান, প্রেম ঘটিত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।