ছাগলনাইয়ায় বিষাক্ত আম খেয়ে হেফজখানার ২৫ ছাত্র অসুস্থ
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:৩৯
পৌরসভার দক্ষিণ যশপুর ওয়ার্ডের মরহুম আলহাজ্ব আছিয়া খাতুন হেফজখানার ২৫ জন ছাত্র বিষাক্ত আম খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। হেফজখানার শিক্ষক হাফেজ আবদুল মমিন জানান, বাঁশপাড়া গ্রামের এক ব্যক্তি তার মৃত মায়ের আত্মার মাগফেরাতের জন্য হেফজখানায় কোরআন খতম করান। এসময় তিনি ছাত্রদের জন্য জমদ্দার বাজার থেকে আট কেজি আম কিনে দেন। দুপুরে সেই আম খেয়ে মাদ্রাসার ২৫ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ ছাত্রদের মধ্যে ১৮ জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে হেফজখানায় পাঠানো হয় এবং গুরুতর অসুস্থ সাত জনকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিত্সক জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে। আমগুলো পরীক্ষা করলে নিশ্চিতভাবে বলা যাবে আমে ফরমালিন ছিল নাকি অন্য কোন কেমিক্যাল ছিল।