ফুলগাজীতে একরাম হত্যাকাণ্ড

তিনজন রিমান্ডে জেল হাজতে ২১ জন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা ঘটনায় গ্রেফতারকৃত আবু বক্করকে ৫ দিনের এবং একই সঙ্গে কায়সার ও পবনকে তৃতীয় দফায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আটককৃত ২১ জনকে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) আবুল কালাম আজাদ গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বক্করের ৭ দিন ও কায়সার এবং পবনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক খাইরুল আমিন শুনানি শেষে আবু বক্করকে ৫ দিন এবং কায়সার ও পবনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার বিকেলে আবু বক্করকে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আবদুর রউফের ছেলে। এর আগে কায়সার ও পবনকে দুই দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়। উল্লেখ্য, গত ২০ মে ফেনীর একাডেমি রোডস্থ বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে নিজ গাড়িতে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনী ২৮ জনকে গ্রেফতার করে।