আওয়ামী লীগ সরকার তাদের পুরনো পথেই ফের যাত্রা শুরু করেছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম ও খবরদারির খড়গ ঝুলিয়ে তাদের পুরনো পথেই আবার যাত্রা শুরু করেছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের ওপর নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে। গতকাল রবিবার সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এদিনে তত্কালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত ৪টি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়ে গোটা জাতিকে হতভম্ব করে দিয়েছিলো। যার ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদ কর্মী বেকার হয়ে পড়েছিলো। অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যত্। পরবর্তীকালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন।