বাজেট ঘোষণার পর কোনো পণ্যের দাম বাড়বে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজেট ঘোষণার পর কোনো পণ্যের দাম বাড়বে না, বরং কমবে। বাজেটে করের হার বাড়বে না। তবে করের আওতা বাড়বে। গতকাল সোমবার শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী ১৩ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা। রাজস্ব আহরণ কম হবে না বরং বাড়বে। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে রাজস্ব আহরণ করবো না।

এ সময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রসঙ্গে তিনি বলেন, মুহিত ভাই যেভাবে দিয়েছেন আমিও সেইভাবে বাজেট ঘোষণা করবো। হয়তো মুহিত ভাই একভাবে করেছেন, আমি অন্যভাবে করবো। তবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। আমরা একই সরকারের। তিনি যেখানে রেখে গেছেন, সেখান থেকেই শুরু করবো। বর্তমান সরকার বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। সুতরাং বাজেটের আকারও বড় হবে।

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, এই খাতের কিছু সমস্যা আছে। সমস্যাগুলো দূর করা হবে। এই সমস্যা একদিনে তৈরি হয়নি। সমস্যাগুলো কীভাবে দূর করা যায়, সে বিষয়ে নানা পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ইংল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ ও সেখানে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি।