এক এনজিও কর্মকর্তার হাত থেকে ইজ্জত বাঁচাতে গিয়ে দুইতলা থেকে লাফিয়ে পড়ে এক কলেজ ছাত্রী আত্মরক্ষা করলেও তার ভেঙে গেছে মেরুদণ্ডের একটি হাড়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা এলাকায় এ অমানবিক ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, পাকুল্যা-লাউহাটি রোডের পাকুল্যা এলাকায় আব্দুল হকের বাসায় যুগবানী সমাজ কল্যাণ নামে একটি এনজিও রয়েছে। এই এনজিওর এরিয়া ম্যানেজার মো. তানজিরু হাসান জীবন চুকুরিয়া গ্রামের আব্দুর রউফ মিয়ার কলেজ পড়ুয়া কন্যাকে এনজিওতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে অফিসে নিয়ে আসে। গত কয়েক দিন পূর্বে টাঙ্গাইল কুমুদিনী সরকারি মহিলা কলেজের ঐ কলেজ ছাত্রীর সঙ্গে এনজিও কর্মকর্তার পরিচয় হয়।
এদিকে গত রবিবার অফিসের একটি কক্ষে কলেজ ছাত্রীকে ডেকে এনে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি নিজেকে রক্ষার জন্য দরজা খুলে দুইতলা থেকে লাফ দিয়ে নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এনজিও কর্মকর্তা প্রতারক তানজিরু হাসান জীবন পালিয়ে যায়। এলাকবাসী তাকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের এএসপি (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।