ডিএসইতে টানা চারদিন সূচকের পতন
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:০৭
শেয়ারবাজারে গতকাল সোমবারও দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। এ নিয়ে টানা চার কর্মদিবস ডিএসইতে দরপতন হয়েছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, সরকার এডিপি বাবদ ব্যয় বৃদ্ধি করার খবরে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে দর বেড়েছে। পদ্মা সেতুর কাজ শুরু হতে পারে এমন আশ্বাসের ফলে সিমেন্ট খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে প্রায় ৫ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫ কোটি ২০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ঘোষিত ৩১ অক্টোবর ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ আজ মঙ্গলবার থেকে ১৯ জুন পর্যন্ত কোম্পানির প্রধান কার্যালয় থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লভ্যাংশ বিতরণ করা হবে। অবিতরণকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের ঠিকানায় কুরিয়ার করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে ৮৭০ কোটি টাকারও বেশি আবেদন জমা পড়েছে। যা কোম্পানির চাহিদার তুলনায় প্রায় ২৫ গুণ। সিএসইসূত্রে এ তথ্য জানা গেছে। আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের জন্য লটারির ড্র আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তুং হাই নিটিং শেয়ারবাজার থেকে ৩৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৩ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, ৫০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।