জামায়াতের সঙ্গে যেই
সমঝোতা করুক তাদের
বিরুদ্ধে রাস্তায় নামবো
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:৪৯
ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্রের সঙ্গে যারাই অপোষ, আঁতাত বা সমঝোতা করুক, তাদের বিরুদ্ধে রাস্তায় নামা হবে। জামায়াতের রাজনীতি হলো জঙ্গি ও মৌলবাদের অপরাজনীতি। বিশ্বের কোন দেশের মুসলমানই এমন রাজনীতি পছন্দ করে না। আর বাংলাদেশ তো মুসলমান বা হিন্দুদের দেশ না, এটি বাঙালির দেশ। একারণে এদেশে জঙ্গি-মৌলবাদি রাজনীতি চলতে পারে না। তাই জঙ্গি-মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আন্দোলন চলবে। গত রবিবার বিকালে ঘাতক দালাল নির্মূল কমিটির বগুড়া জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া কমিটির আহ্বায়ক ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ও মহিলা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল।
ড. মামুন বলেন, সম্প্রতি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিলো। তবে পরবর্তীতে তিনি আইন শক্তিশালী করে বিচার করার কথা বলেছেন। আমরা তাতে আশা রাখতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার, যারাই জামায়াতের সঙ্গে সমঝোতা বা আঁতাত করবে আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় থাকবো। বর্তমান সরকারের মধ্যে যদি কারো এমনটি করার ইচ্ছা থাকে তবে তা পরিহার করতে হবে। সরকার এক্ষেত্রে নমনীয় হলে তা হবে তাদের জন্য আত্মঘাতী। কারণ এটি হলে আগামীতে তারা তরুণদের সমর্থন ও ভোট হারাবে।