যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ২

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডলার ও ভিকি নামে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার গভীর রাতে যশোরের চাঁচড়া ডালমিল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডলার শহরের ষষ্ঠীতলা এলাকার বাচ্চু ড্রাইভারের ছেলে এবং ভিকি রেলগেট এলাকার বাবু সিকদারের ছেলে। আহত ডলার ও ভিকিকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শহরের চাঁচড়া ডালমিল এলাকায় কাস্টমস শুল্ক গুদামের পাশে পুলিশ অভিযান চালালে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে সন্ত্রাসী ডলার ও ভিকি গুলিবিদ্ধ হয়।