জাল নোট চক্রের সাত সদস্য ডিবির ফাঁদে..

ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন শপিংমল ও মার্কেটে জাল টাকা বাজারজাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল ওরা। এ চক্রের সদস্যরা পাইকারি বিক্রেতার নিকট ১ লাখ টাকার জাল নোট ১৪-১৫ হাজার টাকায় কিনে নেয়। তারা আবার সেই টাকা দ্বিতীয় আরেকটি চক্রের কাছে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করে। তৃতীয় চক্রের সদস্যরা এই জাল নোট খুচরা বাজারে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি করে। মাঠ পর্যায়ে তাদের চক্রের সদস্যরা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে জাল টাকা বাজারজাত করত। এরকম একটি চক্রের কাছ থেকে মতিঝিল এলাকায় ডিবি পুলিশ জাল নোট ক্রেতা সেজে ১ লাখ টাকার জাল নোট ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কিনে নেয়। এরপর তাদের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জাল টাকা চক্রের সদস্যরা হলেন- শাহীন, মাহিনুর বেগম, আলী, রিয়ান নাজিম, আব্দুস সামাদ, আব্দুল করিম ও রাসেল। এসময় তাদের কাছ থেকে ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।