নাইকো দুর্নীতির মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনে পক্ষভুক্ত হয়েছে দুদক। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খানের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
গত ১২ মে কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থানান্তর করে জারিকৃত গেজেট প্রত্যাহার চেয়ে আইন সচিব বরাবর নোটিস পাঠান আইনজীবী কায়সার কামাল। নোটিসে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এটা প্রত্যাহার করা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে; কিন্তু নোটিসের জবাব না পেয়ে গতকাল ওই প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে এ রিট করা হয়। কায়সার কামাল জানান, সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি হওয়ার পরেও খালেদা জিয়ার মামলার বিচারের জন্য কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে। এটা বাতিল হওয়া উচিত। কারণ কারাগারের একটি কক্ষে প্রকাশ্যে আদালতে বিচার হওয়ার সুযোগ নেই। সেই পরিবেশও সেখানে অনুপস্থিত। তিনি বলেন, আইনে আছে, মামলাটার বিচার মহানগর এলাকার মধ্যে হতে হবে; কিন্তু কেরানীগঞ্জ ঢাকা মহানগরের বাইরে। এসব যুক্তিতে এ রিট করা হয়েছে।