লুকাকুতে ভরসা বেলজিয়ামের

দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে বেলজিয়াম। ব্রাজিল বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ বলা হচ্ছে তাদের। ‘এইচ’ গ্রুপের দলগুলোকে দেরীতে খেলতে নামতে হচ্ছে বলে ব্রাজিলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও সবচেয়ে বেশি সময় পেয়েছে ইউরোপের দলটি। গ্রুপের প্রথম ম্যাচেই গ্রুপের ফেবারিট বেলজিয়াম মুখোমুখি হচ্ছে আলজেরিয়ার সঙ্গে। বেলজিয়ামের ফুটবলাররা বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই লড়াইয়ের আগে বেশ রোমাঞ্চিত। ইনজুরিতে থাকা দলের অন্যতম সেরা স্ট্রাইকার রুমেলু লুকাকু প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন কি-না তা নিয়ে শঙ্কা থাকলেও এখন আর নেই। চোট কাটিয়ে রুমেলু এখন পুরো ফিট। গ্রুপ পর্বে নিজেদের প্রথম লড়াইয়েই আজ দেখা যাবে তাকে। চেলসি স্ট্রাইকার তিউনিশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে হয়ে হাঁটুতে চোট পান লুকাকু। বেশ ক’দিন বিশ্রামের পর গত বুধবার থেকে অনুশীলনে ফিরেছেন তিনি। দিয়েছেন পুরো ফিট হয়ে ওঠার বার্তা। লুকাকুকে অ্যাস্টন ভিলার স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেকের জায়গায় খেলানো হবে। মারাত্মক ইনজুরির কারণে বেনটেকের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। বেলজিয়ামের আশা-প্রত্যাশার ভারটা নিজের কাঁধেই রাখতে চান লুকাকু। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গেলেও চাপটা ভালভাবেই সামলাতে পারবেন বলে জানালেন ২১ বছর বয়সী এ তরুণ, ‘আমি চাপ ভালোবাসি। আমি এটা পছন্দ করি। চাপ ভয় পেলে আপনি ভাল খেলতে পারবেন না।’ অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েছেন দলের দুই খেলোয়াড় কেভিন ডি ব্রুইন ও ডিভোক অরিজি। তাই প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে লুকাকুর উপড় থাকছে বাড়তি দায়িত্ব। ব্রাজিল বিশ্বকাপে তারুণ্য নির্ভর দল গড়েছে বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস। লুকাকু তার প্রধান অস্ত্র। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার এর আগে তিনবার বিশ্বকাপ খেললেও একবারও নক-আউট পর্বে উঠতে পারেনি। এবার অন্ততপক্ষে এই গ্রুপ পর্বের বাধা পার হতে চায় তারা। এ লক্ষ্য পূরণের পথে আজ বেলজিয়ামকে হারাতে চায় দলটি। এ ক্ষেত্রে ভাহিদ হ্যালিহোদজিকের শীষ্যরা প্রস্তুতি ম্যাচে আলমেরিয়া এবং রোমানিয়াকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় তারা।