ক্রোয়েশিয়ার গণমাধ্যম বর্জন

হোটেলের সুইমিং পুলে খেলোয়াড়দের নগ্ন ছবি প্রকাশ করায় বিশ্বকাপে গণমাধ্যমকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রোয়েশিয়া। যেসব খেলোয়াড়ের ছবি প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার ভেদরান করলুকা এবং দিয়ান লবরেন। ক্রোয়েশিয়ার কয়েকটি অনলাইন সাইটে ছবিগুলো প্রকাশিত হওয়ার পর দলটির কোচ নিকো কোভাচ বলেন, ‘এটা কেবল ক্রোয়েশিয়া নয়, সমগ্র বিশ্বেই ছড়িয়ে গেছে। আমার জন্য এ বিষয়ে কথা বলা সহজ। কারণ আমি এই গল্পের সঙ্গে জড়িত নই। কিন্তু আমি খেলোয়াড়দের মতামতকে শ্রদ্ধা করি। আমি কি করতে পারি? আমি তাদের কান ধরে ওঠাতে পারি না এবং বলতে পারি না ‘তোমরা গণমাধ্যমের সঙ্গে কথা বলো।’ বর্তমানে প্রেইয়া ডু ফোর্টে অবস্থান করছে ক্রোটরা। সেখানেই তোলা হয় ছবিগুলো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাও পাওলোতে বৃহস্পতিবার স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-১ গোলে পরাজিত হয় ক্রোয়েশিয়া।