মাঠে ফিরতে মরিয়া সুয়ারেজ:ফোরলান

উরুগুয়ে স্ট্রাইকার দিয়েগো ফোরলান জানিয়েছেন, বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে তর সইছে না লুইস সুয়ারেজের। চোটের কারণে কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারায় সুয়ারেজ সেই লক্ষ্যে কঠোর পরিশ্রমও চালিয়ে যাচ্ছেন বলে জানান অভিজ্ঞ এই তারকা। কোস্টারিকার বিরুদ্ধে গত শনিবার প্রথম গ্রুপ ম্যাচের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি সুয়ারেজের। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও পুনর্বাসন প্রক্রিয়া চলছে এই লিভারপুল তারকার। সুয়ারেজের অনুপস্থিতিতে ঐ ম্যাচে তুলনামূলক বিচারে দুর্বল কোস্টারিকার কাছে হেরে তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে তার দল। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে বাঁচা মরার ম্যাচে দলের হয়ে অবদান রাখতে মরিয়া সুয়ারেজ। ফোরলান বলেন, ‘বিশ্বকাপে খেলতে সবাই চায়। প্রত্যেক খেলোয়াড়ই মরিয়া দলের অংশ হতে। সেও ব্যতিক্রম নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তার খেলাটা দলের জন্যও গুরুত্বপূর্ণ। আশা করছি, সে অনুশীলন করতে পারবে এবং ম্যাচ খেলার উপযোগী হয়ে উঠবে।’ এদিকে প্রথম ম্যাচে হেরেই বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি জানিয়ে গত বিশ্বকাপের সেরা তারকাটি আরো বলেন, ‘ফুটবলে আপনার উপর সব সময়, প্রতিটি ম্যাচেই চাপ থাকবে। আপনাকে বিশ্রাম, অনুশীলন এবং মাঠে নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য সচেষ্ট থাকতে হবে শুধু।’