অস্থিমজ্জা প্রতিস্থাপনে গরীব রোগীদের সহায়তা দেবে সরকার ----------------স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন (অস্থিমজ্জা প্রতিস্থাপন) এর ক্ষেত্রে গরীব রোগীদের সহায়তা করবে সরকার। তিনি বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে কম খরচে বাংলাদেশে এ সেবা দেয়া হচ্ছে। তারপরও গরীব রোগীরা যাতে এই সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার প্রয়োজনে তাদের সব সহযোগিতা দেবে। গতকাল সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত, চলতি বছরের ১০ মার্চ থেকে দেশে ‘বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন’ শুরু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক এমএ খান এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিত্সক বাংলাদেশি বংশোদ্ভূত ডা. বিমলাংশু দে’র নেতৃত্বে চিকিত্সকদের একটি দল এই প্রতিস্থাপন কাজ পরিচালনা করছেন। মোহাম্মদ নাসিম বলেন, নবনির্মিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এ দেশে প্রথম বোনম্যারো ট্রান্সপ্লানটেশন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। সফলভাবে ৩ জনের বোনম্যারো ট্রান্সপ্লানটেশন সম্পন্ন হওয়ায় দেশের চিকিত্সা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক স্থাপিত হলো। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. বিমলাংশু দে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. বায়জিত খুরশিদ রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।