কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের এক সরকারি সফরে গতকাল সকালে ঢাকায় পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা কম্বোডিয়ার একটি বিশেষ বিমান সকাল ৯-৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে হুন সেনকে অভিনন্দন জানান । এ সময় একটি শিশু তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেয়। তিন বাহিনীর একটি চৌকস দল হুন সেনকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে পরিচিতি লাইনে তাঁর মন্ত্রিপরিষদের সহকর্মী ও অন্যান্য উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানানোর পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নেয়া হয়। বাংলাদেশ সফরকালে তিনি এখানে অবস্থান করবেন। এটি হচ্ছে বাংলাদেশে কম্বোডিয়ার উচ্চপর্যায়ের সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ২১-২৩ জানুয়ারি কম্বোডিয়া সফর করেন।