চাষাঢ়া বোমা হামলা দিবস পালন
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:১৩
ঘাতকদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৩ বছরপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে চাষাঢ়া শহীদ মিনারের পাশে বোমা বিস্ফোরণের স্থানে নারায়ণগঞ্জ পৌরসভার উদ্যোগে নির্মিত স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শংকর সাহা প্রমুখ।
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও চাষাঢ়া বোমা হামলা ২ পা হারানো চন্দন শীল বলেন, ১৬ জুনের বোমা হামলার ১৩ বছর পূর্ণ হয়েছে। বোমা হামলার মামলা এখন বিচারাধীন। সরকার পূর্ণ তদন্ত করছে। মামলার চার্জশিট হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আমরা বিচারের আশায় আছি।
উল্লেখ্য, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া শহীদ মিনারে পাশে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণে মারা যায় ২০ জন। এ ঘটনায় সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশত আহত হয়। ঘটনার দীর্ঘ ১২ বছর পর ২ টি মামলায় গত বছরের ২ মে ৬ জনকে অভিযুক্ত ও ৩১ জনকে অব্যাহতি প্রদান করে চার্জশিট দাখিল করা হয়েছে।