একশ’ দিনের পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভাকে তাগিদ দিলেন মোদী
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:১৫
ভারতে সরকারের একশ দিনের পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভাকে জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সরকারের দ্বারা যে কাজটি করা সম্ভব হয়নি সেটিই করে দেখাতে চান মোদী। কেবল মন্ত্রীদেরই নয়, সরকারি আমলাদেরও এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী প্রত্যেকটি মন্ত্রণালয়কে একশ দিনের পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। তিনি তার মন্ত্রীদের বলেছেন, জনগন ক্ষমতায় বসিয়েছে কিছু পাওয়ার জন্য। জনগনের সেই আশা আমাদের পূরণ করতে হবে। মহারাষ্ট্রের এক বিজেপি নেতা যখন এক মন্ত্রীকে তার আসন থেকে দ্রুত দিল্লি ফিরে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী একশ দিনের পরিকল্পনা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগত মোবাইলে ফোন না করে অফিসের ল্যান্ডফোনে ফোন করেন। প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চান যে মন্ত্রীরা ঠিকমতো অফিস করছেন। এমনকি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর অফিসের অনুমতি ছাড়া ব্যক্তিগত সচিবও নিয়োগ করতে পারছেন না। যদি কোনো মন্ত্রী ব্যক্তিগত সহকারী (পিএ) নিয়োগ দিতে চান তাহলে কয়েকজনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রী অফিসে জমা দিতে হবে এবং সেই তালিকা থেকে প্রধানমন্ত্রীর অফিস যাকে মনে করবেন তাকে নিয়োগ দিবেন। প্রধানমন্ত্রী মোদী সরকারের কিছু নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্ত্রীই মুখ খুলছেন না।
প্রধানমন্ত্রী আমলাদের প্রতিও কঠোর নির্দেশ জারি করেছেন। কোনো ফাইল যাতে অযথা পড়ে না থাকে সেই বিষয়ে নজর দিতে সচিবদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সরকারি অফিসগুলোতে ব্যস্ততাও বেড়ে গেছে। সরকারি কর্মকর্তাদের উন্নয়নকাজে নতুন নতুন ধারণা দেওয়ার জন্য আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত তিন বছরে সরকারি কাজে যে ধীরগতি লক্ষ্য করা গেছিল সেটা দুর করতে প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ভুটান সফরের ঘোষণা দেওয়ার পর ব্যস্ত হয়ে পড়ে পররাষ্ট্রমন্ত্রণালয়। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবেন বলে জানিয়েছেন। এ ঘোষণায় অনেকটাই আশ্চর্য হয়ে পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা। সরকারি সূত্র জানিয়েছেন, এখন সব সিদ্ধান্তই আসছে প্রধানমন্ত্রীর অফিস থেকে।
মোদীর নেপাল ভুটান বিভ্রান্তি
ভুটান সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাজপরিবারকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করে ‘নেপালের রাজপরিবার’ বলে ফেলেন। গতকাল সোমবার ভুটানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে দেয়া ভাষণের শুরুতে তিনি এই ভুল করেন। অবশ্য ভুল করার সঙ্গে সঙ্গেই ভারতীয় প্রধানমন্ত্রী তা শুধরে নেন। তিনি বলেন, আমি শুরুতেই নেপাল...ভুটানের রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করেছেন। মোদীর এই ভাষণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই সামান্য ভুলটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হয়েছে।