সব বিদেশি প্রতিষ্ঠানকে পাকিস্তান ছাড়তে বলল তালেবান
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:১৫
পাকিস্তানি তালেবান বিদেশী সব প্রতিষ্ঠানকে পাকিস্তান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। আফগান সীমন্তবর্তী পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত জেলায় সেনাবাহিনীর অভিযানের পর গতকাল সোমবার এ সতর্কবাণী দেয়া হয়েছে। গতকালও পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় এ অঞ্চলে অন্তত ৩০ জন নিহত হয়েছে। বিদেশী প্রতিষ্ঠানগুলো পাকিস্তান ছেড়ে না গেলে কঠোর পরিণতি বরণ করতে হবে বলে তালেবান জঙ্গিরা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। খবর এএফপির।
তালেবানের মুখপাত্র শহিদুল্লাহ শহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিদেশী সব বিনিয়োগকারী, এয়ারলাইন্স ও বহুজাতিক কর্পোরেশনকে হুঁশিয়ার করে বলতে চাই, পাকিস্তানের সঙ্গে সব কর্মকান্ড অবিলম্বে বন্ধ করে তাদের এ দেশ ছাড়তে হবে। অন্যথায় নিজেদের ক্ষয়ক্ষতির জন্য তাদেরকেই দায়বদ্ধ থাকতে হবে।’
তালেবানের প্রধান শক্ত ঘাঁটি হল উপজাতীয় অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান জেলা। পাকিস্তান সামরিক বাহিনী রবিবার রাতে এ জেলায় অভিযান শুরু করেছে। তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের ফলে উপজাতীয় মুসলমানদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য আমরা নওয়াজ শরিফের সরকার ও পাঞ্জাব গোষ্ঠীকে দায়ী করছি।’
রবিবার থেকে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় শতাধিক তালেবান নিহত হয়। তালেবান জঙ্গিরা সম্প্রতি করাচি বিমানবন্দরে হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ‘অপারেশন প্রোফেটস সোর্ড’ শিরোনামে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এর ফলে পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার। তালেবান বিদ্রোহীরা পাকিস্তান সরকারের ওপর প্রতিশোধ নেয়ারও ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই হামলা এত ভয়াবহ হবে যে তা ইতিহাসে ঠাঁই করে নেবে। এই হুঁমকির প্রেক্ষিতে সরকার রাজধানী ইসলামাবাদে তিন হাজারের বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এছাড়া করাচিতে ২৭ হাজার নিরাপত্তা ও সরকারি কর্মকর্তার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।