বয়স্কভাতার জন্য ব্যাংকে বৃদ্ধের ৫ ঘণ্টা অপেক্ষা শেষে মৃত্যু
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:১৭
বয়স্ক ভাতার জন্য ব্যাংকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করেন এক বৃদ্ধ। তারপর হঠাত্ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে ফেনী সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডের সোনালী ব্যাংক পুরান রানীরহাট শাখার সামনে এ ঘটনা ঘটে। নিহত কবির আহম্মদ (৬৭) সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের কাজিরবাগ গ্রামের জানবক্স ভূঁঞা বাড়ির বাসিন্দা।
ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় লোকজন জানান, প্রতিমাসে তিনশ টাকা করে তিন মাসের বয়স্ক ভাতা তোলার জন্য ব্যাংকের নিচে সকাল ১০টায় লাইনে দাঁড়ান কবির আহম্মদ। কর্মকর্তা-কর্মচারীরা তাদের অন্যান্য কাজ শেষ করে বিলম্বে ভাতা দেয়া শুরু করেন। কবির আহম্মদ কয়েক দফা দোতলায় ওঠেন টাকা পাওয়ার আশায়; কিন্তু দুপুর ১টার আগে অল্প কিছু লোককে ভাতা দেয়া হয়। তারপর কর্মকর্তাদের নামাজ ও খাওয়ার বিরতি শেষে ফের ভাতা বিতরণ শুরু হয়।
আবদুল কাদের মানিক নামে স্থানীয় একজন ব্যবসায়ী জানান, তিনি বেলা তিনটার দিকে নিজের কাজে ব্যাংকে গিয়ে দেখেন তখনো শতাধিক লোক ভাতার জন্য লাইনে দাঁড়ানো। বৃদ্ধ কবির আহম্মদ আর দাঁড়িয়ে থাকতে না পেরে ব্যাংকের নীচে মফিজুর রহমানের চা দোকানে বসে পড়েন এবং এক পর্যায়ে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
চা দোকানদার মফিজুর রহমান জানান, তিনি ওই বৃদ্ধ কবির আহম্মদকে সকাল ১০টা থেকে ভাতার জন্য অপেক্ষা করতে দেখেছেন।
ব্যাংক ব্যবস্থাপক নৃপেন্দ্র নারায়ণ চক্রবর্তী বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় তিনি দুপুরের খাবার খেতে গেছেন।
বয়স্ক ভাতা বিলির দায়িত্বে থাকা ব্যাংকের জুনিয়র কর্মকর্তা আবদুস ছাত্তার জানান, গতকাল মোট ১৭৫ জনকে ভাতা দেয়া হয়েছে। বিকাল ৩টায় শতাধিক লোক লাইনে দাঁড়িয়ে থাকার কথা তিনি অস্বীকার করে বলেন, তখন অল্প কয়েক জন দাঁড়ানো ছিল।