রমজান মাসে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:১৭
পুরো রমজান মাসেই এবার সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শিক্ষা প্রতিষ্ঠান প্রথম রোজা থেকে বন্ধ রাখতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করে বলেন, রোজায় সবারই কাজ বেড়ে যায়। নারীরা পুরো মাসই ব্যস্ত থাকেন। সেহরির খাবার তৈরির পর সকালে বাচ্চাদের স্কুলে নেয়া ও আনা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই প্রথম রোজা থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। প্রয়োজনে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে আনা যেতে পারে।
শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ নিজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত, গত কয়েক বছর দশম রমজান থেকে স্কুল-কলেজে ছুটি দেয়া হয়। গত বছর হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ক্লাস না হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোজার ছুটি ১৭ দিন কমিয়ে আনলেও পরে তা বাতিল করা হয়।