চারটি সন্তান নিয়ে বিপাকে টাইমুদ্দিন

মোটা বেতনে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রাম থেকে চার সন্তানের মা এক গৃহবধূকে ভারতে পাচার করা হয়েছে। চার নাবালক শিশু নিয়ে বেকায়দায় পড়েছে বাবা টাইমুদ্দিন। গতকাল মঙ্গলবার পর্যন্ত ঐ গৃহবধূর কোন সন্ধান মিলেনি। স্ত্রীকে ফিরে পেতে থানায় অভিযোগ করেছেন টাইমুদ্দিন। সম্প্রতি জনৈক মান্না মিয়া একই গ্রামের মমিন মিয়া ও তার স্ত্রী মমিনে বেগমকে সাথে নিয়ে দরিদ্র পরিবারের অনেক ছেলে-মেয়েকে ভারতে নিয়ে মোটা বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখায়। এই প্রলোভনে সাড়া দেয়ায় মেরুরচর উত্তরপাড়ার টাইমুদ্দিনের স্ত্রী ৪ সন্তানের জননী মাহফুজা বেগমকে পাচারকারী দলের সদস্য মান্না মিয়া কৌশলে ভারতে পাচার করে। মাহফুজার স্বামী টাইমুদ্দিন জানান, তার স্ত্রী মাহফুজাকে ভারতে পাচারের পর বিক্রি করে দিয়েছে। মাহফুজা পাচার হওয়ার পর তার দুগ্ধজাত শিশুসহ ৪ নাবালক সন্তান নিয়ে বিপাকে পড়েছে টাইমুদ্দিন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাছিনুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।