সাগরে ঝাঁপ দেয়ার আড়াই ঘণ্টা পর জীবিত উদ্ধার

কক্সবাজারে গত রবিবার সন্ধ্যায় আত্মহত্যার জন্য বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়ার আড়াই ঘণ্টা পর নূরিজা বেগম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রীকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। সে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী। কক্সবাজার সৈকতের রবি লাইফগার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, বোরকা পড়া একটি মেয়ে রবিবার বিকাল ৩টায় শহরের ডায়াবেটিক পয়েন্ট সৈকত দিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ পরই নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শহরের সী-ইন পয়েন্ট সাগরে তাকে ভাসতে দেখা যায়। এ সময় রবি লাইফগার্ড কর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনে। রাত ১০টায় তার জ্ঞান ফিরে আসে। এএসআই প্রণব চাকমা জানান, পারিবারিক কলহের কারণে সে অভিমান করে সাগরে ঝাঁপ দেয়।