শেষ কর্মদিবসে গোপন সিন্ডিকেট সভা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হক । সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে ভিসি ইমামুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে উপস্থিত একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। যার মধ্যে নতুন ২১ জন শিক্ষক নিয়োগ (আগে নিয়োগপ্রাপ্ত) চূড়ান্ত ও প্রায় ৩০ জন শিক্ষককে স্থায়ীকরণ, ২৪ জন দৈনিক ভিত্তিতে ও ৮ জন স্থায়ী কর্মচারীর নিয়োগ অনুমোদন ও ভারপ্রাপ্ত উপাচার্য কর্তৃক ২৩ মে বাতিলকৃত চার কর্মকর্তার পদোন্নোতি পূর্ণবহাল করা হয়। এছাড়া আরো কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সূত্রটি জানায়। সভায় ১৬ সদস্যর মধ্যে আটজন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন। এই বিষয়ে জানতে ভিসি ইমামুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় ভিসির বিরুদ্ধে গত ২৬ মার্চ থেকে লাগাতার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। টানা মাসব্যাপী আন্দোলনের পর তাকে ছুটিতে পাঠানো হয় এবং রবিবার তার ছুটি শেষ হয়। সোমবার ছিল তার শেষ কর্মদিবস ।