ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে নারীসহ ৪ জন আহত

অবৈধ ভাবে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে একই পরিবারের নারী শিশুসহ ১০ জন ভারত যাওয়া পথে নোম্যান্সল্যান্ড অতিক্রম করার সময় বিএসএফের রাবার বুলেটে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতদেরকে বিজিবি উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করার পর সকল সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতদের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার শাহগঞ্জ গ্রামে। বাংলাদেশিদের ওপর বিএসএফের রাবার বুলেট ছোঁড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে বিজিবি । বালারহাট বিজিবির হাবিলদার আলতাফ হোসেন জানান, গত রবিবার রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার খালিষাকোটাল সীমান্তের ৯৩৪ নং আন্তর্জাতিক সীমানা পিলারের নিকটবর্তী কাঁটাতার বেড়াবিহীন ফাঁকা স্থান দিয়ে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের অজয়দাস (২০), দেবল দাস (১৮), শ্রমতি দুলুন (১৫), সকলের পিতা রাজকুমার দাস এবং রিন্টু (৪৫), তার স্ত্রী শেফালি (৪০) ও শিশু সন্তান শরনা (৪), ফালগুনি (৫), শ্রাবন্তি (৩), অন্তরা (১০) এবং রিন্টুর বৃদ্ধা মা পবিত্র বালাকে নিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ১২৪ ব্যাটালিয়নের অধীন কললা ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে । এসময় পরিবারের সদস্যরা আত্মরক্ষার জন্য সীমান্ত ঘেঁষা বসবাসকারীদের বাড়িতে আশ্রয় নিলেও অজয়দাস, দেবল দাস, শেফালি, শ্রাবন্তি পায়ে ও হাতে রাবার বুলেট লেগে আহত হন। খবর পেয়ে বালার হাট বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধারসহ সকলকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ বজলুর রশীদ বলেন, আসামিদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারত যাওয়ার অপরাধে বিজিবি মামলা দায়ের করায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করার হয়েছে ।