ফরমালিন রোধকল্পে মাওয়ায় চেকপোস্ট

মাওয়ায় ফরমালিন চেকপোস্ট! দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার লৌহজং উপজেলার মাওয়ায় ফরমালিন যুক্ত খাদ্যদ্রব্য চিহ্নিতকরণ স্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এই ক্যাম্প ২৪ ঘন্টা ফরমালিন সনাক্তে চেকপোস্ট হিসাবে কাজ করবে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। রবিবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান ও এএসপি সার্কেল মিয়া মো. কুতুবুর রহমান। উপস্থিত ছিলেন লৌহজং থানার ওসি আবুল কালাম। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, পণ্য পরিবহন ও খালাসের অন্যতম বন্দর হচ্ছে মাওয়া। দেশের দক্ষিণবঙ্গ হতে নদী ও সড়ক পথে নানা ধরনের ফল, শাক-সবজি, মাছসহ নানা ধরনের খাদ্যসামগ্রী রাজধানী ঢাকায় সরবরাহ হয়ে থাকে মাওয়া দিয়ে। মাওয়ায় একটি বৃহত্ মত্স্য আড়তও রয়েছে। এখান থেকেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ হয়ে থাকে। ফরমালিনযুক্ত খাদ্যসামগ্রী সনাক্ত করতে এ স্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। খাদ্য দ্রব্যে যারা ফরমালিন যুক্তের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানান, এ ক্যাম্পে ফরমালিন সনাক্ত করার অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই ক্যাম্পে যারা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করছেন, তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। খাদ্যে ফরমালিন পাওয়া গেলে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।