স্বাক্ষর জাল করে মাদ্রাসার টাকা উত্তোলন!

ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়ায় শামসুল হুদা ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়নে কাবিটা প্রকল্পের ১ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ হয়। প্রকল্পের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে এ টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রকল্পের টাকার সিংহভাগই কাজ না করে ভাগবাটোয়ারা করা হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিরোজ মোল্লা অভিযোগ করেন, সম্প্রতি শামসুল হুদা ফোরকানিয়া মাদ্রাসার মাঠ ভরাট করতে কাবিটা প্রকল্পের একটি অনুদান পায়। কমিটির সভাপতি আবুল কাশেম ও জাতীয় পার্টির সুতারপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক তরুণ তাকে না জানিয়ে স্বাক্ষর জাল করে মাদ্রাসার নামে বরাদ্দ হওয়া ১ লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। এ টাকার পুরো কাজ না করেই তারা ভাগবাটোয়ারা করার চেষ্টা করে। এঘটনা জানতে পেরে ফিরোজ মোল্লা তাদের জিজ্ঞেস করলে গত শনিবার কমিটির সভা ডেকে তাকে ৬৫ হাজার টাকা দেয়ার কথা বলে। যাতে বিষয়টি কাউকে না জানানো হয়। এ ব্যাপারে কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, তিনি সভাপতি হলেও টাকা উত্তোলন করেছে জাতীয় পার্টির নেতা তরুণ। জাতীয় পার্টির নেতা তরুণ বলেন, আমি যা কিছু করছি সভাপতিকে জানিয়েই করেছি। মাদ্রাসার ফান্ডে টাকা জমা করেই কাজ করা হবে।