আস্থা ভোটে হারলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

অস্ট্রিয়ায় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আস্থা ভোটে হারলেন চ্যান্সেলর সিবাস্তিয়ান কুর্জ। বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাটসের এই আস্থা ভোটে সমর্থন দেয় চ্যান্সেলরের একসময়ের জোটসঙ্গী কট্টর ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও)। যুদ্ধপরবর্তীতে এই প্রথম কোনো চ্যান্সেলর আস্থা ভোটে হারলেন।

প্রেসিডেন্ট এখন নতুন চ্যান্সেলর নির্বাচিত করবেন এবং তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবারের ইইউ নির্বাচনে ভাল ফল করলেও ৩২ বছর বয়সী চ্যান্সেলর কুর্জ দেশের ক্ষমতায় থাকতে পারলেন না। সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি (এসপিও) দুটি অনাস্থা ভোট এনেছিল। একটি চ্যান্সেলরের বিরুদ্ধে এবং আরেকটি সরকারের বিরুদ্ধে। ১৮৩ আসনের নিম্নকক্ষে এসপিওর আসন ৫২টি। কিন্তু এফপিওর আছে ৫১টি। তারা এসপিওকে সমর্থন দেওয়ায় সহজেই জয় আসে। এমনকি বামপন্থি পরিবেশবাদী দলও কুর্জের বিরুদ্ধে ভোট দিয়েছে। দুর্নীতির দায়ে ফ্রিডম পার্টির (এফপিও) সদস্য হার্বাট কিকলকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করার কুর্জের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। তারা কুর্জের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। -বিবিসি ও রয়টার্স