উভয় শেয়ারবাজারের সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের উভয় শেয়ারবাজারের সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেন। গতকাল সকালে লেনদেন শুরুতে সূচকের উত্থান হলেও দিনশেষে তা কমে যায়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৯১টি কোম্পানির ৫ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৬৫৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে গতকাল মোট লেনদেনের পরিমাণ ২৬৩ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৬৮২ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি ৮৩ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৪৩৩৮ দশমিক ৮৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৬০৫ দশমিক ৪৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৬১ পয়েন্ট কমে ১০০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লি., পেনিনসুলা, বিএসসিসিএল, হাইড্রেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক ও এমজেএল। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৬৩ পয়েন্টে। সিএসইতে মোট ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৪৮ লাখ টাকার। আমান কটনকে জরিমানা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে আমান কটন ফাইবারস লিমিটেডকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে কোম্পানির ইস্যুয়ার প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটালকেও জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। গতকালের ৫২০তম সভায় তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।