ইইউ নির্বাচনে মূলধারার দলগুলোর বিপর্যয়, কট্টর ডানপন্থিদের উত্থান

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে মূলধারার দলগুলোর বিপর্যয় ঘটেছে। উত্থান হয়েছে কট্টর ডানপন্থি দলগুলোর। এরপর আলোচনা নিয়ে ইইউ সমর্থকদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে। ব্রিটেনে মাত্র ছয় সপ্তাহ আগে জন্ম নেওয়া ব্রেক্সিট পার্টি বিপুল জয় পেয়েছে। নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট (৩১ ভাগ) পেয়েছে নাইজেল ফারাজের ব্রেক্সিট পার্টি। নাইজেল ফারাজ ব্রিটিশ রাজনীতিতে তার ইইউবিরোধী কট্টর অবস্থানের জন্য সুপরিচিত।

ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর দলকে পেছনে ফেলে বেশি ভোট পেয়েছে কট্টর ডানপন্থী মারিন ল পেনের দল ন্যাশনাল ফ্রন্ট। জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি এবং মধ্য বামপন্থি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি উভয়েই আগের তুলনায় খারাপ ফল করেছে। অন্যদিকে কট্টর ডানপন্থী দল এএফডি ১০ ভাগের বেশি ভোট পেয়েছে। হাঙ্গেরিতে ভিক্টর ওরবানের ইমিগ্রেশন বিরোধী দল ৫২ ভাগের বেশি ভোট পেয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে বিগত কয়েক দশক ধরে মধ্য-বাম এবং মধ্য-ডানপন্থী দলগুলোর যে প্রাধান্য ছিল তা খর্ব হতে চলেছে বলে মনে করা হচ্ছে। -বিবিসি ও রয়টার্স