নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতিতে অনিয়ম!

নরসিংদী পল্লীবিদু্যুত্ সমিতি ১-এর ঘুষ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। গ্রাহকরা মারাত্মক হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবেদন করে দীর্ঘদিন অতিবাহিত হলেও ঘুষ ছাড়া সংযোগ পাওয়া যায় না। এমন অভিযোগ দীর্ঘদিন চলতে থাকলেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। ফলে আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে বেশকিছু গ্রাহক অভিযোগ করেছেন। মাধবদীস্থ আনন্দী চৌরাস্তা মোড়ের মরিয়ম সুপার মার্কেটের উপর দিয়ে খোলা তার টানার পর মার্কেট মালিক ২০০৭ সন থেকে পর্যায়ক্রমে আর ই বি বোর্ডের চেয়ারম্যান’র দপ্তর পর্যন্ত আবেদন করে আজও কোন সুরাহা পাননি বলে তার মার্কেটের নির্মাণ কাজ ঝুলে আছে প্রায় ৮ বছর যাবত্। তিনি যতবার অভিযোগ করেছেন ততবারই তদন্ত করে তার সরিয়ে নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। অপরদিকে কিছুদিন আগে মাধবদীর আনন্দীতে মেক টেক্সটাইল মিলে এজিএম অঞ্জন ও আমিনুল ইসলাম খান তিন লাখ টাকা নিয়ে একটি সোলার দিয়েছেন। এখানে এক হাজার কেঃবিঃ সোলার লাগানোর কথা থাকলেও ছয়শ’ কেবিঃ সোলার লাগিয়ে তাতে এক হাজার কেঃবিঃ’র স্টিকার লাগান বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তারের খুঁটি থেকে ১০০ ফুটের মধ্যে মিটার সংযোগ দেয়ার নিয়ম থাকলেও ১৩০/১৩৫ ফুটের মধ্যেও সংযোগ দেয়া হয়েছে মোটা অংকের ঘুষের বিনিময়ে। এখানে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। গ্রাহক যদি কর্মকর্তাদের সাথে অলিখিত চুক্তিতে রাজি হন তাহলে অনায়াসেই সবকিছু করা সম্ভব।