টেকনাফ স্থলবন্দরে সাড়ে আট কোটি টাকার রাজস্ব আদায়

কক্সবাজার টেকনাফ সীমান্তে অবস্থানরত স্থলবন্দরে মে মাসে সাড়ে আট কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। মিয়ানমার থেকে পণ্য আমদানির ফলে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ রাজস্ব আদায় হয়। কাষ্টসম সূত্রে জানান, ২০১৩-২০১৪ অর্থ বছরের মে মাসে ২৩৬টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৮ কোটি ৪২ লাখ ৫২ হাজার ১৮২ টাকার রাজস্ব আদায় হয়েছে। এর ফলে মিয়ানমার থেকে ৩৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫০৬ টাকার পণ্য আমদানি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক টেকনাফ স্থল বন্দরে ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। নানা প্রতিকূলতার পরও মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি ৭০ লাখ ২ হাজার ১৮২ টাকা রাজস্ব আদায় বেশি হয়েছে। অপরদিকে ৯৭টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ৩ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ১৭৮ টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। তবে এ মাসে আমদানির পাশাপাশি রপ্তানিও অনেক বৃদ্ধি পেয়েছে। এ বন্দরে আমদানি-রপ্তানিতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন বন্দর ব্যবসায়ীরা। টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মোঃ নূরে আলম জানান, গত মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।