কালিয়াকৈরে পুলিশের সামনে গুলি করে টাকা ছিনতাই
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:১৪
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত্ এলাকায় গত সোমবার দুপুরে যমুনা ব্যাংকের সামনে টহল পুলিশের ২ শত গজ সামনে ছিনতাইকারীরা গুলি চালিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
পল্লীবিদ্যুত্ এলাকার শোভা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী মহর আলী ও তার শ্যালক উজ্জল ঘটনার দিন সকালে চৌরাস্তা ডাচবাংলা ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে যাত্রীবাহী বাসে চন্দ্রা পল্লীবিদ্যুত্ এলাকায় নামে। টাকা নিয়ে যমুনা ব্যাংকের সামনে যাওয়ার সাথে সাথে ২টি মোটর সাইকেলযোগে ছয়জন ছিনতাইকারী মহর ও উজ্জলকে ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা তাদের দু’জনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। তারা টাকা দিতে গড়িমসি করলে ছিনতাইকারীরা গুলি করে মহরের কাছে থাকা ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। উজ্জল জানান, ওই দিন যমুনা ব্যাংকের সামনে ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে গুলি করে ভয় দেখিয়ে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। কাছে টহল পুলিশ থাকলেও তারা ছিনতাইকারীদের আটক করতে পারেনি।
কালিয়াকৈর থানার এস আই আতিকুর রহমান রাসেল বলেন, আমরা চন্দ্রা পল্লীবিদ্যুত্ এলাকায় টহল পুলিশ নিয়ে ডিউটি করছি। ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।