ভেড়ামারায় জিকে ক্যানালে বানা নিয়ে মাছ চাষ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:২৫
দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের কুষ্টিয়ার ভেড়ামারা প্রধান ক্যানালে বানা (বাঁশ দিয়ে তৈরি) দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এভাবে মাছের চাষ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর লিখিত অভিযোগ ও কৃষক সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ (জিকে) ক্যানালের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার জিকে ক্যানালে একই উপজেলার ১৬ দাগ এলাকার রেজাউল ইসলাম ক্যানাল বন্ধ করে বানা দিয়ে মাছ চাষ করছেন। জিকে ক্যানালে’র মধ্যে বানা এবং বানা’র দুই পাশে বালু’র বস্তা দিয়ে ক্যানাল বন্ধ করে দীর্ঘদিন যাবত্ মাছ চাষ করা হচ্ছে। মাছ চাষ করতে গিয়ে পানিতে বিভিন্ন খাবারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার কারণে ক্যানালের পানি নষ্ট হচ্ছে। ক্যানালের পানি নষ্ট হওয়ায় কৃষকদের অনেকে পানি নিতে অনীহা প্রকাশ করছেন। জিকে ক্যানালে বানা দিয়ে মাছ চাষ করার কোন নিয়ম না থাকলেও মাছ চাষ চলছে।
কৃষক হাবিবুর রহমান জানান, জিকে ক্যানালে বানা দিয়ে কিভাবে মাছ চাষ হচ্ছে সেটা আমাদের বোধগম্য নহে? ক্যানালে মাছ চাষ করার ফলে এর পানি নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভেড়ামারার ১৬ দাগ এলাকার মাছ চাষকারী রেজাউল ইসলাম এর সত্যতা স্বীকার করে জানান, ক্যানালে বানা দিয়ে মাছ চাষ করছি। ক্যানাল ডিভিশনের কর্মকর্তা কর্মচারীদের অনুমতি নিয়ে মাছ চাষ করছি।
গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের ক্যানাল ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আঃ ওহাবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জিকে ক্যানালে’র মধ্যে বানা দিয়ে মাছ চাষ হচ্ছে সেটা আমরা শুনেছি। তবে এটা আমার দপ্তরের ব্যাপার না। কোন্ দপ্তরের সেটা জানতে চাওয়া হলে তিনি জানান, এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, জিকে ক্যানালে বানা দিয়ে মাছ চাষ করার কোন নিয়ম নেই । কেউ যদি করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নিয়ম রয়েছে।