কক্সবাজার মত্স্য ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:২৭
কক্সবাজার মত্স্য ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার মত্স্য ব্যবসায়ী ঐক্য পরিষদ। সোমবার বিকালে এ স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ।তিনি ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়, গভীর সমুদ্র থেকে ফিশিং ট্রলারের মাধ্যমে আহরিত মাছ কক্সবাজার শহরের ফিশারিঘাটস্থ মত্স্য অবতরণ কেন্দ্রে পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করা হয়। জেলার বিভিন্ন এলাকার মত্স্য ব্যবসায়ী এই কেন্দ্র মাছ সংগ্রহ করে জেলার প্রত্যন্ত এলাকায় সরবরাহ করে। কিন্তু সামপ্রতিককালে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা থেকে মাছ ক্রয়ের জন্য মত্স্য অবতরণ কেন্দ্রে আসা ব্যবসায়ীরা প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছে। বিশেষ করে শহরের কক্সবাজার বাস টার্মিনাল হয়ে মত্স্য অবতরণ কেন্দ্রে আসার পথে যথাক্রমে পশু হাসপাতাল, আলির জাঁহাল মোড়, খুরুশকুল রাস্তার মাথা, বার্মিজ মার্কেট, ম্যালেরিয়া অফিস গলি, বার্মিজ স্কুল গলি, বাজার ঘাটা, ইসলামী ব্যাংকের সামনে, ভোলা বাবুর পেট্রোল পাম্প, প্রধান সড়কের বিলকিস মার্কেটের সামনে এবং কক্সবাজার পৌরসভার কার্যালয়ের সামনে ছিনতাইয়ের শিকার হচ্ছে।