একনেকে দুই হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৪৯
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল ২ হাজার ৭ কোটি ৬৮ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলো হলো- ৮২৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে বন্যা এবং নদী তীর ভাঙ্গন ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগ কর্মসূচির প্রথম পর্যায়ের প্রকল্প, ৪৫৭ কোটি ৩৬ লাখ টাক ব্যয়ে মুহুরী প্রকল্পে সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প, ১২২ কোটি ব্যয়ে পশ্চিম গোপালগঞ্জ সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প, ৫৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে শেরে বাংলা নগরে ডাক অধিদপ্তরের সদর দপ্তর নির্মাণ প্রকল্প।
এছাড়া কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পটি সংশোধিত আকারে এবং চিম্বুক-রুম সড়কের ২৪তম কি.মি (রুমা সংযোগ সড়কের ২য় কি.মি)-এ সাংগু নদীর উপর ২১৭.১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর (রুমা সেতুর) অবশিষ্ট কাজ সম্পাপ্তকরণের সংশোধিত প্রকল্প গতকাল একনেকে অনুমোদন করা হয়। আগারগাঁস্থ এনইসি সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৯৯৭ কোটি ২৮ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ১০ কোটি ৪০ লাখ টাকা রয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, পর্যটকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতকে তৈরি করার অংশ হিসেবে এ মেরিন ড্রাইভ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে যা গতকাল সংশোধিত আকারে অনুমোদন করা হয়েছে। মোট ৩টি পর্যায়ে ৮০ কি. মি দৈর্ঘ্যের এ রাস্তাটি সওজ বাস্তবায়ন করবে।