আদিবাসী নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫০
আদিবাসীদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে সকল ভয়ভীতি ও অনিরাপত্তাবোধ থেকে সাঁওতাল আদিবাসীদের মনে সাহস সঞ্চারে ব্যবস্থা নেয়াসহ দখলকারদের হাত থেকে আদিবাসীদের ভূমি সম্পদ অবিলম্বে উদ্ধার এবং এ লক্ষ্যে সমতল অঞ্চলে ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। ‘দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের উপর হামলার ঘটনা সরেজমিন পরিদর্শনোত্তর নাগরিক প্রতিনিধি দল এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। গত ১১ ও ১২ জুন নাগরিক সমাজের পক্ষ থেকে দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের উপর হামলার ঘটনা সরেজমিন পরিদর্শন করে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর। আরো বক্তব্য রাখেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ ও প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার, কাপেং ফাউন্ডেশনের দীপায়ন খীসা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নীলুফার বানু ও খন্দকার রেজোয়ানুল করিম, সাংবাদিক বিপ্লব রহমান, তানভীর আহম্মেদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য রিপন চন্দ্র বানাই প্রমুখ।