সিরাজগঞ্জে কৃষকের বিশ্বকাপ ফুটবল ম্যাচ
ফজল-এ-খোদা লিটন, সিরাজগঞ্জ
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২১:০০
সিরাজগঞ্জের চর মালশাপাড়ায় গত সোমবার রাতে শাইখ সিরাজের পরিচালনায় “কৃষকের বিশ্বকাপ” ৯০ মিনিটের ফুটবল খেলায় আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল জয়লাভ করেছে। খেলার ৯০ মিনিট গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।
চ্যানেল আই-এর পরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় ‘কৃষকের বিশ্বকাপ ফুটবল’ ম্যাচে এবারের বিশ্বকাপ ফুটবল আসরের দুটি জায়ান্ট দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে সমর্থক কৃষকেরা ফুটবল খেলেন। ফ্লাড লাইটে অনুষ্ঠিত এ ম্যাচটি ৭টি ক্যামেরা দিয়ে ধারণ করা হয়। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধারা ভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শরাফত। খেলা চলাকালীন হাসনাত করিম পিন্টুর লেখা আজম বাবু ও আরিফের সুরে এবং ফুয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় তৈরি থিম সং পরিবেশন করা হয়। থিম সং-এ কণ্ঠ দেন আরিফ ও স্বরণ। অনুষ্ঠানের মাগুরার পতাকা আমজাদকে দেয়া হয় বিশেষ সম্মাননা। এ ফুটবলপ্রেমী কৃষক নিজের এক বিঘা জমি বিক্রি করে জার্মানির সাড়ে তিন কিলোমিটার একটি পতাকা তৈরি করেন। এছাড়াও চ্যানেল আইয়ের কৃষি পদকপ্রাপ্ত কৃষকরা গ্যালারিতে উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো আয়োজিত কৃষকের বিশ্বকাপ ফুটবলের একটি স্লোগান ছিল ‘কৃষকের বিশ্বকাপ ফুটবল- বিষমুক্ত খাদ্যের বাংলাদেশ’। খেলা শেষে বিজয়ী দলকে দেয়া হয় বিশ্বকাপ ট্রফি।
বিশ্বকাপ ফুটবল-২০১৪ জমে ওঠার সময় চ্যানেল আইতে এ ফুটবল খেলাটি প্রচার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।