যশোরের কৃষি অফিস স্থানান্তর প্রক্রিয়া শুরু

যশোরে অবস্থিত কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অফিসটি স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯৫৫ সাল থেকে অতিরিক্ত পরিচালকের এ কার্যালয়টি (খুলনা বিভাগীয় অফিস) যশোরে থাকলেও এখন তা সরিয়ে নিতে তোড়জোর করা হচ্ছে। সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের সমপ্রসারণ শাখা নতুন খসড়া সাংগঠনিক কাঠামোয় আঞ্চলিক অফিস হিসেবে খুলনা ও কুষ্টিয়ার নাম প্রস্তাব করেছে। এ ঘটনায় জেলার কৃষক ও রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অফিসটি স্থানান্তর না করার জন্য সংসদ সদস্য রণজিত কুমার রায় ও কাজি নাবিল আহমেদ এবং যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার কৃষিমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন। এছাড়া মন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যশোর সদরের সিআইজি কৃষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মুকুল ও কৃষক সংগঠক আইয়ুব হোসেন।