লক্ষ্মীপুরে ছয় মাসেও জেলা পরিষদ প্রশাসক নিয়োগ হয়নি
আব্দুল মালেক, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২১:৪৩
লক্ষ্মীপুরে পদ শূন্য হওয়ার প্রায় ছয় মাসেও নিয়োগ হয়নি জেলা পরিষদের প্রশাসক। এ নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা। অন্যদিকে এ পদে নিয়োগ পেতে এখনো জোর তদবির চালিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা।
জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব সামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে পছন্দের নেতার নিয়োগ নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের একটি অংশ গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছেন। এ পদে দলের নিবেদিত ও মেধাবী নেতাকে নিয়োগ দেয়ার প্রত্যাশা করছেন নেতা-কর্মীরা।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান কামাল দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে এ পদটি শূন্য রয়েছে।