ইরান নাইজেরিয়ার ড্রয়ে সুবিধায় বসনিয়া

বসনিয়া ও হারজেগোভিনা কোচ সাফেট সুসিচ নাইজেরিয়া ও ইরানের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় আনন্দিত। তিনি খেলাটির প্রতিক্রিয়ায় বলেন,‘সবকিছু আমাদের হাতে।’ সুসিচের দল বসনিয়া বিশ্বকাপের এফ গ্রুপে গত রবিবার আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়। এর ফলে তারা বাজে অবস্থায় পড়েছিল। কিন্তু একই গ্রুপের দুই দল আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়া ও এশিয়ার প্রতিনিধি ইরানের খেলাটি ড্র হওয়ায় বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা বসনিয়া এখনো আশায় থাকলো। কেননা এ ড্রয়ের পর বসনিয়া দ্বিতীয় স্থানের লড়াই থেকে এক পয়েন্ট দূরে থাকলো। বসনিয়া পরের খেলায় নাইজেরিয়ার মুখোমুখি হবে। এর চারদিন পর তাদের খেলা ইরানের সাথে। এ খেলাগুলোর কোন একটিতে জয় পেলেই বসনীয়রা শেষ ষোলয় ওঠার জোর দাবিদারে পরিণত হবে।