রমজান মুসলিম খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলবে
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২১:৫০
আসন্ন রমজানেও বিশ্বকাপের খেলা পড়েছে। কিন্তু সেই সময়ে ব্রাজিলের তাপমাত্রা ও মাত্রাতিরিক্ত আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে হবে বলে তা মুসলিম খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি মুসলিম দেশের পাশাপাশি অন্য দলগুলোতেও কয়েকজন মুসলিম ফুটবলার খেলছেন।
সর্বশেষ ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপ চলাকালে রমজান মাস পড়ল। প্রতিযোগিতার ১৭তম দিনে ২৯ জুন রমজান শুরু হবে এবং তা ২৮ জুলাই পর্যন্ত চলবে। রমজান মাসে মুসলমানদের জন্য সুর্যোদয়ের কিছু আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন কিছু খাওয়া, পান করা, যৌন আচরন এবং ধুমপান নিষিদ্ধ। ইসলামি নিয়মানুযায়ী এ সময় দিনের বেলায় খাদ্য ও পানীয়ের বিষয়ে সীমাবদ্ধতা থাকায় টুর্নামেন্টে অংশ নেয়া মুসলিম খেলোয়াড়দের ভাল পারফরমেন্সে বিঘ্ন ঘটতে পারে। যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকায় জানায় আলজেরিয়া ও বসনিয়ার অধিকাংশ সদস্য ছাড়াও উল্লেখযোগ্য মুসলিম খেলোয়াড়দের মধ্যে আছেন আইভরি কোস্টের তোরে ভ্রাতৃদ্বয় ইয়াইয়া ও কোলো, রোমা উইঙ্গার গারভিনহো ও চেইক টিওটে। ফ্রান্স দলের সদস্য করিম বেনজেমা, বাকারি সাগনা, মামাদু সাকো এবং মুসা সিসোকো। বেলজিয়াম ও সুইজারল্যান্ড দলেও আছেন মুসলিম খেলোয়াড়। কিছু মুসলিম খেলোয়াড় পবিত্র এ মাসে খাওয়া ও পান করার জন্য অনুমতি নিয়েছেন। আবার কিছু খেলোয়াড় পুর্ণ নিয়মকানুন মেনে চলবে। তবে রিও-ডি-জেনিরোতে বর্তমানে মাত্র ১১ ঘন্টা দিনের আলো থাকায় পবিত্র এ মাস পালন অনেকটা সহজ হবে। বাসস