শীর্ষ চরমপন্থি নেতা সিরাজ জেল থেকে মুক্তি পেয়েছেন
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২২:০৭
দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থি নেতা সিরাজুল ইসলাম ওরফে কসাই সিরাজ জেল থেকে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যার আগে তিনি ঝিনাইদহ জেল থেকে ছাড়া পান। চরমপন্থি দলগুলোর মধ্যে সিরাজ একমাত্র জীবিত শীর্ষ চরমপন্থি নেতা।
কুষ্টিয়া পুলিশের এক সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়ে গ্রামে। দেশ স্বাধীনের পর তিনি জাসদে যোগ দেন। জাসদ ১৯৭৩ সালে গোপন সংগঠন গণবাহিনী গঠন করলে সিরাজ গণবাহিনীতে যোগ দেন। ক্রমে ক্রমে তিনি গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার হন। এক সময় এ দলের শীর্ষ একজন নেতা হন। চারিদিকে সিরাজের নাম ছড়িয়ে পড়ে। জাসদ গণবাহিনী বিলুপ্ত করলেও তিনি গণবাহিনী হিসাবে এলাকায় তত্পরতা চালাতে থাকেন। তার নামে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে। কুষ্টিয়া পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলাসহ ১৮টি মামলা ছিল। ১৯৯৯ সালে সিরাজ পুলিশের হাতে গ্রেপ্তার হন। এসব মামলায় সাক্ষ্য প্রমাণের অভাবে বিচারে তিনি খালাস পান। এরপর তার স্ত্রী ঝিনাইদহ আদালতে দুটি মামলা করেন। কয়েক দিন আগে স্ত্রী মামলা প্রত্যাহার করে নেন বলে পিপি এডভোকেট ইসমাইল হোসেন জানান।
ঝিনাইদহ জেল সুপার মোঃ ইকবাল হোসেন জানান, আদালতের আদেশে সোমবার বিকাল ৬টার পর তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। মুক্তির আগ পর্যন্ত দীর্ঘ ১৬ বছর তিনি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও রাজশাহী জেলে আটক ছিলেন। মুক্তির পর তিনি কোথায় আছেন কুষ্টিয়া পুলিশ তার হদিস পাচ্ছে না।