খেলনা পিস্তল দিয়ে বন্দুকের দোকানে ডাকাতি!
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২২:০৮
বন্দুকের দোকানে ডাকাতি হয়েছে শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। চোখ কপাল থেকে মাথায় উঠে যেতে পারে যখন শুনবেন ডাকাতরা একটি খেলনা পিস্তল নিয়ে দোকানের কর্মকর্তাদের ভয় দেখিয়ে ডাকাতি করেছে। অবিশ্বাস্য শোনালেও সত্যি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বন্দুকের দোকানে চলতি সপ্তাহে।
জানা গেছে, তিনজনের একটি ডাকাত দল একটিমাত্র খেলনা পিস্তল নিয়ে ‘হিরামস গানস অ্যান্ড স্পিরিটস’ নামের ওই বন্দুকের দোকানে ঢুকে পড়ে। যার হাতে খেলনা পিস্তলটি ছিল সে সেটি দিয়ে দোকানের মালিককে জিম্মি করে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে দোকানের কর্মচারিদের একপাশে সরে যেতে বলে। সবাই একপাশে সরে গেলে ডাকাত দলের অন্য দুই সদস্য কাচের শোকেজ গুলো ভেঙে বন্দুকগুলো বের করে এক স্থানে জড়ো করতে শুরু করে। এরপর বন্দুকের বিশাল বান্ডিল বেঁধে দোকানের বাইরে দাঁড়ানো একটি জিপে করে পালিয়ে যায়।
তবে শেষ রক্ষা হয়নি। ঘটনাটি পুলিশের কানে যেতেই চারদিকে তল্লাশি শুরু হয়ে যায়। অবশেষে ডাকাতরা ধরা পড়ে যায়। পরে ডাকাতির কাজে উদ্ধার করা পিস্তলটি পরীক্ষা করে দেখা যায় সেটি ভূয়া! দোকানটির মালিক বলেছেন, রাতদিন বন্দুকের মাঝে কাটালেও একটা খেলনা পিস্তল দেখে এত ভয় পেয়ে গিয়েছিলেন যে মনে হচ্ছিল হার্টফেল করে এখনই মারা যাবেন! -ইউপিআই